তবুও পা মাটিতেই রাখছে বার্সা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:১৪

বার্সা ৪ রিয়াল বেতিস ১

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনা রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে। বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে রবিবার রাতে পাওয়া এই জয়কে শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্ব দিয়ে দেখলেও ‘এখনই কোনো শিরোপা জেতা হয়নি’ জানিয়ে দলকে সতর্কও করে দিলেন। 

আগের রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে তালিকার দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে যাওয়ায় এদিন বার্সার সামনে সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। মেসি নৈপুণ্যে তা ভালোভাবেই সম্পন্ন করে ভালভার্দের শিষ্যরা। বার্সার হয়ে অন্য গোলটি করেন লুই সুয়ারেজ।

এই জয় দিয়ে কাতালানদের জার্সি গায়ে সবচেয়ে বেশি ৪৭৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন মেসি। ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথমভাগে জয় নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল বেতিস। সেই দলটিকে তাদেরই মাঠে প্রায় একক নৈপুণ্যে হারানোর পর প্রতিপক্ষ দর্শকদের অভিবাদনও পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর। খেলা শেষে মোভিস্টারের মুখোমুখি হয়ে যার কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না মেসি।

বার্সা অধিনায়কের ভাষায়, ‘ভক্তরা যেমন প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। এই মাঠে যখনই আমরা আসি তারা আমাদের ভালোভাবেই গ্রহণ করেন। গুরুত্বপূর্ণ এই জয়টির জন্য আমি বেশ খুশি।’

ম্যাচটিতে শুরু থেকেই বলের দখল নিয়ে খেলছিল বেতিস। ফলে ২০০৪-০৫ মৌসুমে বল দখলের হার নির্ণয়ের পদ্ধতি চালু হবার পর থেকে এই প্রথম ৪৫ ভাগ সময়ের কম বল ধরে রাখতে পেরেছিল বার্সা। তবে মাত্র ৪৩.৯ ভাগ সময় বলের দখল রাখলেও দল সমস্যায় পড়েছিল বলে মনে করেন না মেসি। তিনি বলেন, ‘আমরা এমন এক দলের বিপক্ষে খেলেছিলাম যারা ভালোভাবে বলের দখল রাখে। কৌশলগতভাবে আমরা একে ভালোই সামলেছিলাম এবং আমরা মোটেও সমস্যায় পড়িনি বরং উল্টোটাই হয়েছিল।’

এই জয় সমান গুরুত্ব পাচ্ছে কোচ ভালভার্দের কাছেও। তিনি বলেন, ‘অ্যাটলেটিকোর ফলাফলের কারণে বেতিসের বিপক্ষে জয়টি আরও গুরুত্ব পেয়ে গেছে। এখনো দশ ম্যাচ বাকি। আমাদের সতর্ক থাকতে হবে এবং জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি এবং আমরা দেখব শিরোপা জয়ে এটা যথেষ্ট গুরুত্ব বহন করে কিনা।’

শিরোপার পথে ধাপে ধাপে এগোতে চান বার্সা কোচ। তিনি বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করব, প্রথমে লিগ তারপর কাপ এবং এরপরে দেখব চ্যাম্পিয়ন্স লিগ জেতা যায় কিনা। কিন্তু এই মুহূর্তে আমরা কিছুই জয় করিনি। লিগে এখনো ৩০ পয়েন্টের খেলা বাকি এবং আমাদের ক্রমাগত চেষ্টা করে যেতেই হবে।’

ক্যাম্প ন্যুতে মৌসুমের শুরুতে পরাজয়টি মাথায় রেখে বলের দখল নিয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করা বেতিসের বিপক্ষে স্বাভাবিক ছক পাল্টে মাঝমাঠে একজন বেশি খেলোয়াড় নিয়ে দল ঘোষণা করেছিলেন স্প্যানিশ এই কোচ। ভালভার্দে বলেন, ‘আমরা জানতাম তারা দারুণ চাপ সৃষ্টি করবে যা ক্যাম্প ন্যুতে করেছিলও! সেবার তারা আমাদের চাপে রেখে চার গোল করেছিল। তবে এই ম্যাচে আমরা তাদের নিয়ন্ত্রণ নিতে দেইনি।’