ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীকে রবিবার রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর এই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বাসসকে জানিয়েছেন, আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করেছি এবং এর আশপাশে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত ৬ মে সুপ্রিম কোর্ট ১৯৭১ সালের আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। এরপর নিজামীর পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারে গিয়ে তার সাথে দেখা করে। সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। কারাগারেও রায়ের কপি পৌছে গেছে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর করা যাবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেয়। মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগের মধ্যে তার বিরুদ্ধে ৮টি অভিযোগ প্রমাণিত হয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর নিজামী আপিল করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মতিউর রহমান নিজামীকে রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
