শীর্ষে ফিরল লিভারপুল

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:১৫

স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত এক জয় পেয়েছে। এর ফলে এক ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটিকে টপকে তালিকার শীর্ষে উঠে গেছে অল রেডরা। রবিবার রাতের অন্য ম্যাচে চেলসি এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে।

প্রথমার্ধে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৭৪ মিনিটে রায়ান বাবেলের গোলে স্বাগতিক ফুলহ্যাম সমতায় ফিরলে আরেকবার পয়েন্ট হারানোর শঙ্কা মাথাচাড়া দেয় সফরকারী শিবিরে। তবে ৮১ মিনিটে বদলি খেলোয়াড় জেমস মিলনার পেনাল্টি থেকে তাদের এগিয়ে দিলে জয় নিশ্চিত হয় ক্লপের শিষ্যদের।

ফলাফলটিকে গড়পড়তা আখ্যা দিলেও ফুলহ্যামের সমতাসূচক গোলটির পরে দলের শান্ত থাকার ব্যাপারটি নজর কেড়েছে ক্লপের। তিনি বলেন, ‘ফুটবল কখনো কখনো এমনই। দলে আমি কোনো আতঙ্ক দেখিনি। আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি তাতে আমি খুশি। তবে একটা পেনাল্টি গোলের ব্যবধানে জিতেছি আমরা। তাই দল দারুণ খেলে জিতেছে তা বলা যাচ্ছে না মোটেও।’

তিনি আরও বলেন, ‘ছেলেরা দিনশেষে মানুষ। আমি নিশ্চিত ছিলাম যে আমরা আতঙ্কিত হবো না এবং স্নায়বিক দৃঢ়তা দেখাবো যা আপনারা দেখতে চান।’

এ মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচ খেলে ৭টিতে ড্র করেছে ক্লপের দল। তবে জার্মান কোচ জানিয়েছেন সেই ম্যাচগুলো থেকেই এ জয়ের রসদ পেয়েছে তার দল। তিনি বলেন, ‘প্রায় প্রত্যেকটা ড্রতেই আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। সেটাই আমাদের এ ম্যাচে কাজগুলো ঠিকঠাক করে জয়ের চেষ্টা করতে আত্মবিশ্বাস জুগিয়েছিল।’

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর এ ফুলহ্যামের মাঠেই খেলতে আসবে শিরোপাধারী সিটি। ক্লপের বিশ্বাস নিজেদের খেলাকে উন্নত করতে সক্ষম হলে সিটিকে হারিয়েও দিতে পারে দলটি। তা হলে যে তার দলের শীর্ষে থাকাটাও নিশ্চিত হয়ে যায়! ক্লপ বলেন, ‘আমি জানি না ফুলহ্যামের ঠিক কতজন খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল খেলে কিন্তু সিটির যে আছে এটা নিশ্চিত! আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর যে কোনো খেলাই একটু ভিন্নতা নিয়ে আসে। ফুলহ্যাম ভালো ফুটবল খেলে এবং তাদের পরবর্তী লক্ষ্যটা হওয়া উচিত তা দিয়ে কিছু তৈরি করা, সেটা সুযোগ হোক কিংবা অন্য কিছু। এখানে খেলাটা কঠিনই ছিল আজ।’

এ দিকে প্রতিযোগিতার অন্য ম্যাচে চেলসি এভারটনের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে। শেষ পাঁচ ম্যাচে এ নিয়ে দ্বিতীয় হারের শিকার হয়ে কোচ মাওরিজিও সারির দল তালিকার শীর্ষ পাঁচে থাকার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ৩০ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট অর্জন করে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক পয়েন্ট পিছিয়ে থেকে তালিকার ছয়ে আছে তারা।