এবার তনুর চাচাতো ভাইকে সিআইডির জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৯ মে ২০১৬, ২০:৫১
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর চাচাতো ভাই মিনহাজকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
 
সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে গিয়ে তনুর চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিম।
 
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, সিআইডির তদন্তকারী কর্মকর্তা আমাদের গ্রামের বাড়িতে এসে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ভাতিজার সঙ্গে কথা বলেছেন। তনুর মৃত্যুর দিন সে আমাদের বাসায় ছিল।
 
তনু হত্যা মামলাটি প্রথমে পুলিশ, পরে ডিবি হয়ে সিআইডির হাতে যায়। ছায়া তদন্ত করে র‌্যাব ও পিবিআই। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ২য় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। তনুর মৃত্যুর ৫০ দিনেও হত্যাকারী শনাক্ত হয়নি। এদিকে ২য় ময়নাতদন্তের প্রতিবেদন ৩৯ দিনেও পাওয়া যায়নি।
 
তনুর ২য় ময়নাতদন্তের জন্য গঠিত ৩ সদস্যের সমন্বয়ে গঠিত বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহা ওরফে কেপি সাহা সাংবাদিকদের বলেন, ‘কবে নাগাদ ২য় ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া যাবে তা বলা যাচ্ছে না। এ নিয়ে কোনও কথা বলবো না।’ 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিমের ফোনে একাধিকবার চেষ্টা করেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। এদিকে মঙ্গলবার উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক দলটি ঢাকা থেকে কুমিল্লায় আসার কথা রয়েছে বলে সিআইডির একটি সূত্র জানিয়েছে।
 
উল্লেখ্য, গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে একটি জঙ্গল থেকে তনুর মরদেহ পাওয়া যায়।