জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্রে বাটার মোড়ে অবস্থিত গ্রামীণফোন সেন্টারে সোমবার সন্ধ্যায় হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দিনের কাজ শেষে সন্ধ্যা ৭টার সময় শাটার নামিয়ে ভেতরে সমাপনী কাজ করছিলেন কর্মীরা। এমন সময় মুখোস পরা ৫/৭ জন যুবক এসে ৬/৭টি পটকা ফুটিয়ে প্রথমে আতংক সৃষ্টি করে। এরপর শাটার তুলে হাতে থাকা রামদা দিয়ে গ্লাসে হামলা চালায় এবং ভাংচুর করে। কর্মচারীরা এ সময় প্রাণ ভয়ে সেন্টারের ভেতরের অপর একটি কক্ষে ঢুকে পড়ে।
হামলাকারী যুবকরা পূর্ব দিক থেকে এসে ওই দিকেই চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গ্রাশীণফোন জয়পুরহাট সেন্টারের ম্যানেজার শ্যামল সাহা বিষয়টি পুলিশকে জানায়।
ঘটনার পরপর পুলিশ ও র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও সেন্টারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিম রি-রেজিষ্ট্রেশন নিয়ে কখনো কারো সঙ্গে ঝগড়া-বিবাদের কারণে এ ঘটনা ঘটতে পারে। মামলা হলে এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি। তাৎক্ষনিক ভাবে ক্ষতির পরিমান জানা যায়নি।
