কুষ্টিয়ায় মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আসাদুল ফকির (৩৭) নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত আসাদুল ইসলাম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সক্রিয় সদস্য।
সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে অবস্থিত কালিগড়া ব্রিজের কাছে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ ঘটনায় ওসিসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুজ্জামান জানান, রাতে কুষ্টিয়া পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগড়া ব্রিজের কাছে ১০/১৫ জনের একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। সেসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। প্রায় আধাঘণ্টার বন্দুকযুদ্ধে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আসাদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ২টি শটগান, দেশে তৈরি ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে ওসি কাজী জালাল উদ্দিন আহমেদসহ দুইজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
পুলিশের দাবি, নিহত আসাদুল ডাকাত দলের নেতা ও চরমপন্থী সংগঠন এর সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর থানায় ৫টিসহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুণ্ড থানায় অপহরণ ও ডাকাতিসহ এক ডজন মামলা রয়েছে। তিনি উপজেলার সদরপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত এজাহার আলী ছেলে।
