স্পোর্টস রিপোর্টার
জাতীয় দলের খেলা ছিল কম্বোডিয়ায়, কাতারে অনূর্ধ্ব—২৩ ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। এ কারণে লিগের খেলা স্থগিত রাখা হয়। ৬ এপ্রিল লিগ পুনরায় শুরু হবে। মাঝ বিরতিতে ঝালিয়ে নেওয়ার সুযোগ। বিশেষ করে মোহামেডানের অবস্থা খুবই খারাপ। ৯ খেলায় মাত্র ৫ পয়েন্ট। ১৩ দলের মধ্যে ১১ নম্বরে রয়েছে। মোহামেডান ফুটবলাররা ছুটিতে গিয়েছিলেন। চার দিন আগে পুনরায় অনুশীলন শুরু হয়েছে। এখানে ওখানে, রমনা পার্কে অনুশীলন চলছে। এমিলিসহ একাধিক ফুটবলার বাসায় থাকেন। সকালে অনুশীলন করে নিজেদের ব্যক্তিগত কাজে চলে যান। ম্যানেজার আমিরুল ইসলাম নেপালে। টিভির পর্দায় সরব। নিজেদের দলটা নামতে নামতে কোথায় যাচ্ছে তা নিয়ে ভাবনার সময় নেই। ম্যানেজার এবং তার ভাগ্নে জামাই এমিলি মোহামেডান ফুটবল গড়েছেন। যেসব ফুটবলার অন্য দলে সাইড বেঞ্চে জায়গা পান না কাগজে-কলমে তাদেরকে চড়া পারিশ্রমিক দিয়ে দলে নিতে হয়েছে। কারণ খেলোয়াড় সংকট।
জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে কম্বোডিয়ার জন্য দল ঘোষণা করেছিলেন। সেখানে মোহামেডানের একজন খেলোয়াড়ও ডাক পাননি। অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে নেই মোহামেডানের একজন। নতুন দল নোফেল ক্লাবের খেলোয়াড় ডাক পেয়েছেন। আর মোহমেডানের ফুটবল দলের রুগ্ন চিত্র দিনের পর দিন হতাশা ছড়াচ্ছে। অথচ আবাহনী তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছে।
