গরমে ত্বকের যত্নে বরফ

আপডেট : ১০ মে ২০১৬, ১১:১৭
চলছে গরমকাল। এক দিকে আকাশে গনগনে সূর্য অন্যদিকে শুষ্ক বাতাসে রাজ্যের ধূলোবালি। এই সময়টাতে গরমের কষ্ট যেমন হয় তেমনি অতিরিক্ত রোদ আর ধূলোবালির কারণে ত্বকের অবস্থাও হয় নাজেহাল।
তাই রূপ সচেতনদের জন্য এই সময়টা সত্যিই বিরক্তিকর। তবে কয়েকটি কৌশল জানা থাকলে এই গরমেও ত্বক রাখা যায় কোমল আর বিপদমুক্ত।
এই গরমে বরফ হতে পারে রূপচর্চার অনুষঙ্গ। জেনে নেয়া যাক বরফ দিয়ে কীভাবে ত্বক ভালো রাখা যায়।
 
ব্রণকে বিদায় জানান
ব্রণ আজকাল তরুণীদের জন্য একটি নিত্য সমস্যা। তবে বাড়িতে বরফ থাকলে আর চিন্তা নেই। ব্রণের সমস্যা  মেটাবে বরফ । একটি পরিষ্কার প্ল্যাস্টিকের ব্যাগে ২/৩ টি বরফের টুকরো পেঁচিয়ে নিয়ে ব্যাগটি ব্রণের ওপর ধরে রাখতে হবে। ব্যাস, মাত্র ১০ মিনিটেই বিদায় ব্রণ।  এই পদ্ধতিতে  ব্রণের লালচে ভাব দূর হয় এবং ব্রণের আকারও ছোট হয়ে আসে।
 
চোখে ফোলা দূর করতে
ঘুম কম কিংবা বেশি  দুই কারণেই আমাদের অনেকেরই চোখের নিচ ফুলে যায়। কালি পড়ে। দেখতে বেশ বিশ্রী দেখায়। এই সমস্যাও দূর করবে বরফ। একটুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে চোখের নিচে ফোলা জায়গায় ধরে থাকুন। এতে ফোলা ভাব কমবে। সঙ্গে দূর হবে রাতের ক্লান্তিও।
তবে ফোলা ভাব বেশি হলে  চিনি ছাড়া গ্রিন টি তৈরি করে তা বরফ করে নিয়ে চোখের নিচে ধরে রাখুন। ভালো ফল পাবেন।
 
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
তবে এর জন্য শুধু বরফ নয় আপনাকে ব্যবহার করতে হবে শসা কিংবা স্ট্রবেরি-এর তৈরি বরফ । এজন্য শসা অথবা স্ট্রবেরি যে কোনো একটি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এটিকে ডীপ ফ্রিজে রেখে বরফ করে নিন। এই বরফ মুখে ঘষুন সপ্তাহে ১ দিন। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
 
রোদে পোড়া দাগ দূর করতে
রোদে পোড়া দাগ দূর করার জন্যও বরফ বেশ ভালো একটি উপাদান। ২/৩ টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে পোড়া স্থানের উপর ঘষে নিন। এতে পোড়া দাগ দ্রুত মিলিয়ে যাবে।