লক্ষ্মীপুর সদর উপজেলায় এক শিশু শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত মো. আলাউদ্দিন (১২) সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার মামলায় দুইজনকে আটক করা হয়েছে।
নিহতের বাবা জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিসমিল্লাহ রোড এলাকায় আনন্দময় বেকারিতে আলাউদ্দিনসহ চার শ্রমিক কাজ করতেন।
পুলিশ সুপার জানান, রবিবার রাত আটটার দিকে ওই বেকারির শ্রমিকদের সর্দার ইব্রাহীম প্রকাশ শাহজাহান মোবাইলে বেকারির এক মালিককে আলাউদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানিয়ে ফোনটি বন্ধ করে দেয়। এরপর বেকারির মালিকরা চন্দ্রগঞ্জ থানায় খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের বাবার অভিযোগ, বেকারির মালিক এবং শ্রমিক ইব্রাহীম প্রকাশ শাহজাহান, শামীম ও মিজান আলাউদ্দিনকে নির্যাতন করে হত্যা করেছে।
এ ঘটনায় নিহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
চন্দ্রগঞ্জ থানার এসআই কাওসার আহমেদ বলেন, পলাতক তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
