মমতা ও প্রিয়াঙ্কাকে নিয়ে মন্ত্রীর আপত্তিকর মন্তব্য

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:১৭

ফের বিতর্কে ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারেও বাড়ছে ঝাঁঝ। আর এই প্রচারের সময় ‘হাওয়া গরম’ করতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা। খবর আনন্দবাজার পত্রিকার

সম্প্রতি উত্তরপ্রদেশের সিকন্দরাবাদে একটি প্রচার সভায় গিয়ে বিজেপির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মহেশ রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে সম্বোধন করেন। এরপরই তিনি প্রিয়াঙ্কাকে ‘পাপ্পুর পাপ্পি’ বলে সম্বোধন করেন। শর্মার এ জাতীয় মন্তব্যের পরই তৈরি হয় বিতর্ক। তবে শুধু প্রিয়াঙ্কা গান্ধী নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়েও মহেশের মন্তব্য আপত্তিকর বলে মনে করেছেন অনেকে। মহেশ সেদিন জনসভায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সিকন্দরাবাদে এসে যদি কত্থকও নাচেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এসে গানও করেন, তাহলেও কেউ দেখবে কি?’

মহেশের এই মন্তব্যগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠেছে রাজনীতিতে লিঙ্গবৈষম্য নিয়েও। বারবার নারী রাজনীতিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য শোনা গিয়েছে বিভিন্ন নেতা-মন্ত্রীর মুখে। সম্প্রতি বিজেপির সভাপতিও পশ্চিমবঙ্গের দুই তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। দুই অভিনেত্রীই এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়েছেন। প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তাদের নিয়ে নানা ঠাট্টা-তামাশা, যেগুলোর অধিকাংশই আপত্তিকর।