খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শ্বাসরোধ করে শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত আবু ইউছুফ রানার (১০) বাবার করা মামলায় তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- রমজান আলী, হাজেরা বেগম ও ফাতেমা বেগম।
মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার বড়পিলাক এলাকার সেগুন বাগান থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। সে ওই এলাকার সাজেদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বড়পিলাক এলাকায় খেলার সময় হাফিজুর রহমান হৃদয় (১০) ও আবু ইউছুফ রানার (১০) মধ্যে মারামারি হয়। এরপর থেকে রানাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। বিষয়টি রাতেই রানার পরিবার থানায় জানায়।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে রাত থেকেই রানাকে খোঁজা হচ্ছিল। একপর্যায়ে মঙ্গলবার সকালে বড়পিলাক এলাকার সেগুন বাগান থেকে শিশুটির মরদেহে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু হৃদয়ের মা, খালাসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
