বলের আঘাতে আহত আম্পায়ার নাদির শাহ

আপডেট : ১০ মে ২০১৬, ১৭:০৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দায়িত্ব পালন করার সময়ে বলের আঘাতে আহত হয়েছেন আম্পায়ার নাদির শাহ। মঙ্গলবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান ও কলাবাগান ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। 
 
তবে জানা গেছে, নাদির শাহ-র আঘাত গুরুতর নয়। ২-১ দিন বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবেন তিনি।
 
জানা গেছে, ম্যাচের সময়ে নাদির শাহ যখন লেগ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন একটি বল স্কয়ার লেগ দিয়ে চলে যাচ্ছিল। কলাবাগান ক্রিকেট একাডেমির ফিল্ডার মেহেদি মিরাজ দৌড়ে বলটি ফেরাতে যান। এসময় মিরাজের হাত ফসকে বল বেরিয়ে গিয়ে নাদির শাহ’র কপালে লাগে।
 
বল লাগার পর তাকে ধরে দ্রুত মাঠের বাইরে নিয়ে আসেন চতুর্থ ও তৃতীয় আম্পায়ার। প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে পাঠানো হয় তাকে। ম্যাচের পরের অংশটুকু আম্পায়ারিং করতে পারেননি সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই আম্পায়ার। পরের অংশটি পরিচালনা করেন রিজার্ভ আম্পায়ান সাইফুল ইসলাম।