পাবনার সাঁথিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের পাটগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুলের (৪০) বাড়ি রায়গঞ্জ উপজেলার ঘোড়কা গ্রামে। এ ঘটনায় আহতদের বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা মহাসড়কে আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় মহাসড়কে উভয় পাশে শতাধিক যানবহন আটকা পড়ে।
সাঁথিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, হাইওয়ে পুলিশ একটি মোটর সাইকেল চেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে বিক্ষুব্ধ জনতা ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, যানবাহন চলাচল বন্ধ হওয়ায় কথা অস্বীকার করেন।
