বগুড়ায় গ্যাস সংযোগ চালুর দাবিতে বিক্ষোভ

আপডেট : ১০ মে ২০১৬, ১৭:২৬
 
বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির বগুড়া আঞ্চলিক অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় ঠিকাদার সমিতির নেতারা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরতলীর ছিলিমপুরে অবস্থিত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আঞ্চলিক অফিসের সামনে ঠিকাদাররা সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বিক্ষোভকারীরা ওই অফিসে তালা ঝুলিয়ে দেয়।
 
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ঠিকাদার সমিতির সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক আল আমীন, সমর দাস, আব্দুস সালাম শামীম, আব্দুল মোমিন, শাকিল আহমেদ টনি, আলী আজাদ তালুকদার প্রমুখ।
 

গ্যাস কোম্পানি ঠিকাদার সমিতির সভাপতি আরিফুর রহমান অভিযোগ করেন, পেট্রোবাংলার অধিনে সকল কোম্পানি বর্ধিত ও নতুন সংযোগ প্রদান অব্যাহত থাকলেও শুধুমাত্র পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় কার্যক্রম মৌখিক ঘোষণার মাধ্যমে বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে বগুড়ায় ৫ শতাধিক গ্রাহকের বর্ধিত সংযোগের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া আরো ৭ শতাধিক নতুন সংযোগের আবেদন জমা পড়েছে। বর্ধিত সংযোগের আবেদনকারীরা লাখ লাখ টাকা ব্যয় করে সংযোগ গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিন্তু সরকারের লিখিত কোনো নির্দেশনা ছাড়াই স্থানীয় কর্মকর্তারা সংযোগ বন্ধ রেখেছেন। এ কারণে ঠিকাদার ও গ্রাহকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। বিড়ম্বনা দূর করতে অবিলম্বে গ্যাস সংযোগ চালুর দাবিতে ঠিকাদাররা প্রতিকী কর্মসূচি হিসেবে অফিসে তালা ঝুলিয়েছে।