নরসিংদী শহরের ব্রাহ্মন্দীস্থ খালপাড় এলাকায় সহপাঠীদের হাতে পারভেজ মিয়া (১৩) নামে নরসিংদী আইডিয়েল হাইস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র খুন হয়েছে। এছাড়া এ ঘটনায় নুরুল আমিন নামে তার অপর সহপাঠী মারাত্মকভাবে আহত হয়ে জেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুলের টিফিন পিরিয়ডের সময় প্রতিদিনে ন্যায় পারভেজ মিয়া ও নুরুল আমিন টিফিন খেতে স্কুল থেকে বের হলে একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম ও রোমান মিয়া তাদেরকে ডেকে খালপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে আরিফুল ও রোমানসহ ৪/৫ জন মিলে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে পারভেজ ও নুরুল আমিনকে গুরুতর আহত করে খালের পানিতে ফেলে দিয়ে চলে আসে। লোকমাধ্যমে খবর পেয়ে আইডিয়েল হাইস্কুলের শিক্ষকরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য পারভেজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকায় নেয়ার পথে পাচঁদোনা নামক স্থানে পৌঁছলে পারভেজ মারা যায় এবং নুরুল আমিনকে জেলা হাসপাতালে চিকিত্সাধিন রয়েছে। নিহত পারভেজ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পারভেজের পিতা সাত্তার মিয়া বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা গেছে।
