ময়মনসিংহে ত্রিশাল উপজেলার চাঞ্চল্যকর রমজান আলী হত্যা মামলায় ৮ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বিকালে আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।
এ রায়ে প্রত্যেক আসামিকে ৫হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদ-াদেশ দিয়েছেন আদালত।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, ত্রিশালের সাখুয়া ইউনিয়নের আখরাইল গ্রামের নাসিরুল হক, আব্দুল আওয়াল মেম্বার, গন্ডখোলা গ্রামের সুমন মিয়া, আলমগীর কবির, আব্দুল বাতেন, হুমায়ূন কবির, সিরাজুল ইসলাম ও জিয়াউদ্দিন ওরফে জিদ্দি।
জানা যায়, মামলায় অভিযুক্ত ১০ আসামির মধ্যে ইতোমধ্যে দুই জন মারা গেছেন। বাকী ৮ আসামির মধ্যে ৭ জন বর্তমানে কারাগারে রয়েছে এবং জিয়াউদ্দিন ওরফে জিদ্দি পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ২৩শে সেপ্টেম্বর রাতে একদল ডাকাত ঘরে ঢুকে রমজান আলীকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় নিহত রমজান আলীর ছেলে আরিফ রব্বানী বাদী হয়ে ওই বছরের ৩১শে সেপ্টেম্বর ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করে। অবশেষে একযুগ পর মঙ্গলবার আদালত এ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করে।
