ফতুল্লায় খেলার মাঠকে স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস শামীম ওসমানের

আপডেট : ১০ মে ২০১৬, ১৮:৪৭
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জের ঐতিহাসিক খেলার মাঠটিকে স্টেডিয়ামে রূপান্তরিত করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মঙ্গলবার সকালে মাঠটি পরিদর্শন শেষে তিনি স্থানীয় বাসিন্দা এবং মাঠের পাশে থাকা স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন।
 
তিনি উপস্থিত এলাকাবাসী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব উপজেলাতে একটি করে স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী আলীগঞ্জ খেলার মাঠটিকে স্টেডিয়ামে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। সংসদেও এ মাঠের বিষয়টি উপস্থাপন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
 
সংসদ সদস্য শামীম ওসমান আলীগঞ্জ মাঠে উপস্থিত শিক্ষার্থী এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, মাঠটিকে যাতে স্টেডিয়ামের রূপান্তরিত করা যায় তিনি তার চেষ্টা করবেন। সেই সঙ্গে মাঠের পাশেই থাকা একটি বিদ্যুতের টাওয়ার যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয় সেজন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন। সাংসদের এ ঘোষণাকে উপস্থিত শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানান।
 
এর আগে গত ৩ দিন মাঠ ও এর আশপাশের এলাকায় ভবন নির্মাণ কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে ফিরে আসতে বাধ্য হন গণপূর্ত বিভাগের লোকজন।
 
গত ২২ মার্চ অনুষ্ঠিত একনেকের সভায় আলীগঞ্জ মাঠসহ এর আশপাশের ১১ দশমিক ৬৫ একর জমিতে সরকারি কর্মকর্তাদের জন্য ৮টি ১৫ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত অনুমোদন হয়। যেখানে ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ হবে। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১০ এপ্রিল আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার আহমেদ পলাশ জনস্বার্থে মাঠ রক্ষায় উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন।
 
পিটিশনের প্রেক্ষিতে একনেকের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, অর্থসচিব, পরিকল্পনা সচিব, গণপূর্ত সচিবসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে রুল নিশি জারি করেন উচ্চ আদালতের একটি বেঞ্চ। একইসঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।
 
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী, ঢাকা গণপূর্ত সার্কেল-৪ এর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শরিয়ত উল্লাহ, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আলীগঞ্জ খেলার মাঠটি পরিদর্শন করেন।
 
সেখানে উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন এবং কল্যাণ বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার আহমেদ পলাশ, আলীগঞ্জ মসজিদ কমিটির সভাপতি হাজী মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মনির উদ্দিন, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, আলীগঞ্জ মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।