উত্তরপ্রদেশে ৭টি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:৩৫

মায়া-অখিলেশকে ছাড় দিতে প্রিয়াঙ্কার সিদ্ধান্ত

প্রিয়াঙ্কা গান্ধী লক্ষেৗতে পা রেখেই দলকে ঘোষণা করতে বললেন, মায়াবতী-অখিলেশদের ছাড় দিতে সাতটি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। সেই নির্দেশ অনুসরণ করে রাজ্য কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানালেন, মায়াবতী, মুলায়ম সিংহ যাদব, অখিলেশ যাদব, তার স্ত্রী ডিম্পল, অজিত সিংহ ও জয়ন্ত চৌধুরী যে যে আসনে প্রার্থী হবেন, সেখানে প্রার্থী দেবে না কংগ্রেস। একই সঙ্গে রাজ বব্বরের ঘোষণা, জনঅধিকার পার্টির সঙ্গেও সাতটি আসনে জোট হচ্ছে কংগ্রেসের। তার মধ্যে পাঁচটিতে লড়বে ওই দল আর দুটিতে কংগ্রেস। মহান দলের সঙ্গে আগেই জোট ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা। সেই দলের নেতারা লোকসভা ভোটে কংগ্রেসের প্রতীকেই লড়তে চান।

কংগ্রেসের এক নেতার মতে, মায়াবতী ও অখিলেশের উপরে অনেক দিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল সমঝোতার জন্য। কিন্তু মায়াবতী অনড় থেকেছেন। মায়াবতী এখনও লড়বেন কি-না, স্পষ্ট নয়। কিন্তু রাহুলের সঙ্গে কথা বলে প্রিয়ঙ্কা আজ ইতিবাচক বার্তা দিলেন মায়া-অখিলেশকে। ঠিক যেভাবে তারা অমেঠী ও রায়বরেলী আসন কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছেন। দলের নেতার মতে, ‘এটা ঠিক, রাহুলের সঙ্গে রোড শোয়ের পর উত্তরপ্রদেশে ফিরতে অনেকটা সময় নিয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু একবার ঝড় উঠলে পরিস্থিতি বদলে যাবে।’ তবে অনেকেই মনে করেন, কংগ্রেস খুব বেশি আক্রমণাত্মক হলে ত্রিমুখী লড়াইয়ে লাভ হবে বিজেপিরই। খবর আনন্দবাজার পত্রিকার

এ দিকে গতকাল সকালে লক্ষেৗ সফর শুরুর আগেই প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীদের জন্য একটি খোলা চিঠি লেখেন। সেখানেও তার নিজের ছন্দে সম্বোধন করেন, ‘আমাদের প্রিয় বোন ও ভাইরা।’ প্রিয়াঙ্কা জানান, কীভাবে তিনি উত্তরপ্রদেশের কাজ করতে চান। সঙ্গে এটাও জানিয়েছেন, জলপথে প্রচার ছাড়া এবারের সফরে বাসে, ট্রেনে, পদযাত্রা করেও গণসংযোগ করবেন তিনি। উত্তরপ্রদেশ ঘুরে মানুষের কথা শুনতে চান তিনি।