ইতালির পিস্তোইয়া নগর কর্তৃপক্ষ নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে। মঙ্গলবার সকালে নগরের মেয়র আনুষ্ঠানিকভাবে প্রফেসর ইউনূসকে নাগরিকত্ব প্রদান করেন করেন। তুসকান নগর পিস্তোইয়া প্রায় এক হাজার বছর পুরনো।
অনুষ্ঠানে মেয়র বলেন, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা সৃষ্টির মধ্য দিয়ে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে মানবতার সেবায় তাঁর অনন্যসাধারণ অবদানের জন্য প্রফেসর ইউনূসকে এই সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হল। এই সম্মানের জন্য পিস্তোইয়ার মেয়র ও নগরবাসীকে ধন্যবাদ জানান প্রফেসর ইউনূস।
প্রফেসর ইউনূস বলেন, সুযোগ পেলে নিজের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তিত করার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যেই আছে। তরুণদের ব্যাপারে তিনি বলেন, আমাদের বরং তাদের দুর্লভ চাকরীর পেছনে না ছুটে উদ্যোক্তা হবার সুযোগ করে দেয়া উচিত। তিনি পিস্তোইয়ার তরুণদের জন্য নগর কর্তৃপক্ষকে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান।
ফ্লোরেন্স থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত সুপ্রাচীন পিস্তোইয়া শহর ট্রেনের বগি তৈরি ও কাগজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এছাড়াও ইউরোপজুড়ে নার্সারির চারা সরবরাহের জন্য খ্যাতি রয়েছে শহরটির।
অনুষ্ঠানের পর প্রফেসর ইউনূস দুটি সামাজিক ব্যবসা পরিদর্শন ও সামাজিক ব্যবসা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় দুইশ হাইস্কুল শিক্ষার্থীদের সমাবেশে বক্তৃতা দেন। -প্রেস বিজ্ঞপ্তি
