নরসিংদীতে শিশু হত্যার অভিযোগে মায়ের মৃত্যুদণ্ড

আপডেট : ১০ মে ২০১৬, ১৯:৪১
পরকিয়া প্রেমের ঘটনা প্রকাশ করে দেয়ায় ৬ বছরের শিশু সানাউল্লাহকে হত্যার অভিযোগে মা জাহানারা আক্তার (২৮) ও প্রেমিক হানিফ শেখ(৩০) এর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দীন এক জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, পলাশ উপজেলার চলনা গ্রামের মো. বাবুল মিয়া দীর্ঘ দিন যাবত দুবাই প্রবাসী থাকাবস্থায় একই উপজেলার খলাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র হানিফ শেখ এর নজর পড়ে বাবুলের স্ত্রী এক সন্তানের জননী জাহানারা আক্তারের উপর।
 
২০১১ সালের ১০ অক্টোবর বিকেলে কথিত প্রেমিক যুগল অবৈধ কাজে লিপ্ত হয়। এসময় দুবাই প্রবাসী বাবুল হোসেন ফোন করলে তার ৬ বছরের শিশু পুত্র সানাউল্লাহ মোবাইল ফোন ধরে এবং তার মাতা জাহানারা আক্তারের কুকর্মের ঘটনা পিতাকে জানিয়ে দিলে হানিফ শেখ ও জাহানারা আক্তার রাগে ও ক্ষোভে সানাউল্লাহর গলা টিপে ধরলে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
পরে প্রেমিকযুগল বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার পর দিন খবর পেয়ে দুবাই থেকে বাবুল হোসেন বাড়িতে চলে আসে এবং হানিফ শেখ ও জাহানারা আক্তারকে আসামি করে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
 
দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। উক্ত মামলায় ৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে উপরোক্ত রায় প্রদান করেন।