গাড়ির সিলিন্ডারে ২০ হাজার পিস ইয়াবা, আটক ১

আপডেট : ১০ মে ২০১৬, ২০:২৪
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিস্থ মিডওয়ে হোটেল এলাকা থেকে একটি গাড়ির সিলিন্ডারের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাড়ির চালক মোহাম্মদ হোসেন (২৫) আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। 
 
ইয়াবা ট্যাবলেট বহনকারী নাম্বারবিহীন নতুন কারটি থানা হেফাজতে আনা হয়েছে। উক্ত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা বলে ওসি জানান। আটক হওয়া মোহাম্মদ হোসেন ব্যক্তি কক্সবাজার জেলার বড় মহেশখালী এলাকার বড় ডেল পাড়ার আবদুর শুক্কুরের পুত্র।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সোলাইমান পাটোয়ারী উক্ত এলাকায় কারটি থামিয়ে তল্লাশি করে। পরে ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম ঘটনাস্থলে গিয়ে কারটিকে ব্যাপক তল্লাশি করে গ্যাসের টাঙ্কির ভিতর ইয়াবা আছে তা নিশ্চিত হয়। পরে গ্যাস বিহীন টাঙ্কি কেটে ২০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট বের করে। প্রতি প্যাকেটে এক হাজার করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।