রূপগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষ, স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৬, ০৯:৩৩
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- খন্দকার শামীম আহাম্মেদ (৩৩) ও খন্দকার শামীম আহাম্মেদের স্ত্রী নাসিমা বেগম (২৫)। তাদের বাড়ি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ায়। 
 
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন জানান, নরসিংদীগামী ট্রাকের সঙ্গে ভুলতাগামী যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খন্দকার শামীম আহম্মেদ ও তার স্ত্রী নাসিমা বেগম নিহত হন। এ সময় লেগুনাতে থাকা অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।