মাগুরার পারনান্দুয়ালীতে সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. আ ন ম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (৫৫) ও তার ব্যক্তিগত গাড়ি চালক সেন্টু মল্লিক (৩২) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আসাদ ও বাহাউদ্দীন নামের দুইজন ব্যক্তি। বুধবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় প্রাইভেটকারের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।
মাগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘ক্যাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটক্যারের মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই ইবি অধ্যাপক ও তার ব্যক্তিগত গাড়ি চালক নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের মাগুড়া সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে প্রফেসর ড. আ ন ম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রফেসর আব্দুল্লাহ জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিশঙ্করপুর ইউনিয়নে। তিনি তিন মেয়ে এবং এক ছেলের জনক। তিনি একজন ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন।
তার জানাজা মাগরিবের নামাযের পরে ঝিনাইদহের কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
