আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

আপডেট : ১১ মে ২০১৬, ১২:১২
 
ঢাকা থেকে আটকের পর লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ এক আসামি নিহত হয়েছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে করে পুলিশ।বুধবার ভোরে পূর্ব বশিকপুর এলাকায় এই ঘটনা ঘটে।
 
আহতরা হলেন-এস আই জাহাঙ্গীর হোসেন, এস আই রাজিব কর, কনস্টেবল প্লাবন ও মোজাম্মেল হক। আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
নিহত ইউসুফ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাছারিবাড়ী এলাকার আলী আকবরের ছেলে।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানায়, ঢাকার বংশাল এলাকা থেকে ইউসুফকে মঙ্গলবার রাতে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব বশিকপুর এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ওই এলাকার মোল্লাবাড়ীর সামনে পৌঁছলে ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ইউসুফ মারাত্মকভাবে আহত হয়। এতে চার পুলিশ সদস্যও আহত হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে প্রাথমিকভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
 
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ইউসুফ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।