দিনাজপুরে প্রাইম ব্যাংকে অগ্নিকাণ্ড, আসবাবপত্র-কম্পিউটার ছাই

আপডেট : ১১ মে ২০১৬, ১২:২৭
দিনাজপুরে প্রাইম ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডে কয়েকটি কম্পিউটারসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে।
 
মঙ্গলবার দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাংকে আজ লেনদেন বন্ধ রয়েছে।
 
দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাত একটার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই শাখার কম্পিউটারসহ সব আসবাবপত্র পুড়ে যায়। তবে ব্যাংকের ভোল্টের কোনো ক্ষতি হয়নি।
 
ব্যাংক কর্মকর্তারা জানান, আগুন ভোল্ট পর্যন্ত পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে এসে যায়। ব্যাংকের ঋণ শাখার কয়েকটি কম্পিউটার ও কাগজপত্রসহ বিপুল পরিমাণ আসবাবপত্র ছাই হয়ে যায়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হবে।
 
তিনি আরো জানান, রাতেই ম্যানেজার রফিকুল ইসলাম ঘটনাস্থলে আসে এবং মেইন গেটে তালা লাগিয়ে দেয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রংপুর আঞ্চলিক অফিস থেকে কর্মকর্তারা এসে তা নির্ণয় করবেন।