গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৬, ১৪:১৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনে আম্বিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দিনগত রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামে এ ঘটনার ঘটে। 
 
বুধবার সকালে পুলিশ আম্বিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আম্বিয়া বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের  আমিনুল ইসলাম মেয়ে।
 
পুলিশ জানায়, রাতে ওই গৃহবধূকে হত্যার পর লাশের গলায় রশি পেচিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। স্বামী শফিকুল ইসলাম ওই গ্রামের মুনসুর আলী ছেলে ।
 
স্থানীয়রা জানায়, সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে ডাকতে থাকে। এতে সাড়া না পেয়ে শফিকুলের ঘরে উকি দিলে তার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় তারা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
নিহত আম্বিয়ার পরিবার জানায়, প্রায় ছয় বছর আগে আম্বিয়া ও শফিকুল বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন ধরে শফিকুল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এনিয়ে পারিবারিক কলহ দেখা দেয়।
 
পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে এনিয়েবাক্বিতণ্ডা হলে শফিকুল নির্যাতন চালিয়ে আম্বিয়াকে হত্যা করে।