চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার বেড়েছে, বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। বুধবার ঘোষিত এসএসসির ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাস করেছে ৯০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। গতবার এই হার ছিল ৮২ দশমিক ৭৭ শতাংশ।
এবার চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৬৬৬ জন, গতবার এ সংখ্যা ছিল সাত হাজার ১১৬।
বুধবার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান। তিনি জানান, এবার এক লাখ ১৩ হাজার ২৮৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৩ হাজার ৭০ জন। তাদের মধ্যে বিজ্ঞানে ৯৫ দশমিক ৯১ শতাংশ, মানবিকে ৮৩ দশমিক ৮২ ও ব্যবসায় শিক্ষায় ৯১ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সংবাদ সম্মেলনে বোর্ড সচিব অধ্যাপক ড. পিযুষ দত্ত, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান উপস্থিত ছিলেন।
