ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা ৩২ দলের জমজমাট লড়াই। প্রিয় দলের পক্ষ নিয়ে বিভক্ত বিশ্ববাসী। এবার বোধহয় সেই সংখ্যা আরো বাড়তে যাচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপে। সেখানে দলের সংখ্যা ৩২ থেকে ৪০-এ উন্নীত করার ইঙ্গিত দিয়েছেন ফিফার নবনির্বাচত প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
চলতি বছরের অক্টোবরে ফিফা তাদের নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপে টিম সম্প্রসারণের প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ওয়ার্ল্ডকাপে আরো আটটি দল যোগ করার ইঙ্গিত দিয়েছিলেন ইনফান্তিনো। এবার তা বাস্তবায়নের পথে!
ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একমাস পর গত মার্চে ইনফান্তিনো বলেছিলেন, ‘আমাদের অবশ্যই বিশ্বকাপে দলের সংখ্যা আরো বাড়াতে হবে। এই ধারণাটা ২০২৬ (বিশ্বকাপ) থেকে শুরু হতে পারে। আমরা এ বিষয়ে খেলোয়াড়, ফিফা কাউন্সিল সবার সঙ্গে কথা বলবো। শুধুমাত্র অংশগ্রহণের সম্ভাবনার (বাছাইপর্ব) ক্ষেত্রে অনেক দলকে সুযোগ দিলেই হবে না, বিশ্বকাপের মূল মঞ্চে আরো বেশি টিমের অংশগ্রহণের নিশ্চয়তাও দিতে হবে।’
মেক্সিকো শহরে চলমান ফিফা কংগ্রেসে চার ধাপে বিশ্বকাপের (২০২৬) নিলাম প্রক্রিয়া সম্পন্নের সিদ্ধান্ত হয়। ২০২০ সালের মে মাসে আয়োজক দেশের নাম চূড়ান্ত হবে। এক বিবৃতিতে ফিফা জানায়, নতুন কর্মকৌশল ও অালোচনা পর্ব (মে ২০১৬- মে ২০১৭), নিলাম প্রক্রিয়া (জুন ২০১৭-ডিসেম্বর ২০১৮), নিলাম মূল্যায়ন (জানুয়ারি ২০১৯-ফেব্রুয়ারি ২০২০) ও ২০২০ সালের মে মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
