উলিপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী ও দুই ছেলে আটক

আপডেট : ১১ মে ২০১৬, ১৬:১৩
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতে সন্দেহে ওই গৃহবধূর স্বামী ও দুই ছেলেকে গ্রেফতার আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার রাতে জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে।
 
জানা গেছে, ওই গ্রামের বাদশা আলমগীরের (৫৪) সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী মমিনা বেগমের (৪৭) পারিবারিক কলহ চলছিল। ছেলে মমিনুলের বিয়েকে কেন্দ্র করে তা আরো প্রকট আকার ধারণ করে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির আঙ্গিনায় বসে গৃহবধূ পিঠা তৈরি করছিলেন। এ সময় পিছন দিক থেকে ঘাড়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যার পর ঘাতকরা সটকে পড়ে। গৃহবধূর ছোট দুই সন্তান এ সময় বাড়ির অন্য ঘরে পড়াশুনায় ব্যস্ত থাকায় কিছুই বুঝে উঠেতে পারেনি। দ্বিতীয় ছেলে সাহেব আলী বাড়িতে এসে তার মায়ের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে ঘরে থাকা দুই শিশুসন্তানসহ আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্বামী বাদশা আলমগীর, ছেলে মমিনুল (২৫) ও সাহেব আলীকে (২৩) আটক করে।
এ ঘটনায় গৃহবধূর ভাই আব্দুল কাইয়ুম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছে।
 
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।