মোহনগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৬, ১৭:১২
নেত্রকোনার মোহনগঞ্জের বড়তলী বানিয়াহারী ইউনিয়নের বড়তলী গ্রামে আগুনে পুড়ে মোহনগঞ্জ এভারগ্রীন স্কুলের নার্সারির ছাত্রী নাভী (৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার রাতে এই হতাহতের ঘটনা ঘটে। আগুনে পুড়ে শিশুটির বাবা ইলেকট্রিশিয়ান সবুজ মিয়া (৩৭) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির মা লিপা আক্তার (২৫) এ সময় পুড়ে আহত হয়েছেন।
 
লিপা আক্তার জানান, ঐ রাতে মেয়েকে মেঝেতে খাবার দিয়ে তিনি পাশে বসে ছিলেন। তখন বিদ্যুৎ ছিল না। মোবাইলের আলো ঘরে  জ্বালানো ছিল। এ সময় জানালা দিয়ে বাহির থেকে তাদের উপর কে যেন আগুন নিক্ষেপ করে। এতে বিকট শব্দ হয়।
 
সবুজ মিয়া তখন ঘরেই ছিলেন, তিনি মেয়েকে বাচাঁতে এগিয়ে এসে অগ্নিদগ্ধ হন। স্বামী সন্তানকে রক্ষা করার জন্য লিপার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
 
পিতা কন্যাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে শিশুটির মৃত্যু হয়। বুধবার দুপুরে সবুজকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
 
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে তিনি একটি কেরসিন তেলের কন্টিনার ও একটি কুপি বাতি জব্দ করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন বোমা নিক্ষেপের কোন আলামত তিনি পাননি। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।