এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার বিষয়ভিত্তিক সবচেয়ে ভাল ফল করেছে রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীরা। ইংরেজি, পদার্থ, রসায়ন ও শারীরিক শিক্ষাসহ সব বিষয়েই এ বোর্ডের পরীক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি।
বুধবার ঘোষিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ইংরেজি বিষয়ে রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি ৯৯ দশমিক ১৮ ভাগ। এ বিষয়ে সিলেট বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ৮২ ভাগ, যশোরের ৯৮ দশমিক ৬৪ ভাগ, মাদরাসা বোর্ডের ৯৮ দশমিক শূন্য ৫ ভাগ ও বরিশাল বোর্ডের ৯৮ দশমিক শূন্য ৩ ভাগ উল্লেখযোগ্য।
পদার্থ ও রসায়ন বিদ্যা বিষয়েও রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীরা এগিয়ে। এ দুই বিষয়ে এ বোর্ডের পরীক্ষার্থীদের পাসের হার ৯৯ দশমিক ৬৬ ভাগ করে। এর পরেই যশোর বোর্ডের পরীক্ষার্থীরা এ দু'বিষয়ে ভাল ফল করেছে। তাদের পাসের হার পদার্থ ও রসায়নে যথাক্রমে ৯৯ দশমিক ৩৫ ও ৯৯ দশমিক ৪১ ভাগ।
শারীরিক শিক্ষা বিষয়েও ভাল করেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। তাদের পাসের হার ৯৯ দশমিক ৮৪ ভাগ। এ বিষয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থীরা। এ বিষয়ে এ দু'বোর্ডের পাসের হার যথাক্রমে ৯৯ দশমিক ৬৫ ও ৯৯ দশমিক ৬১ ভাগ।
শুধুমাত্র গণিত বিষয়ে মাদরাসা বোর্ডের পরীক্ষার্থীরা ছাড়িয়ে গেছে রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীদের। এ বিষয়ে রাজশাহীর ৯৭ দশমিক শূন্য ১ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর মাদরাসা বোর্ডের পরীক্ষার্থীরা ৯৭ দশমিক ৯৯ ভাগ কৃতকার্য হয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে। এ বিষয়ে ৯৬ দশমিক ৮১ ভাগ নিয়ে তৃতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা।
