চট্টগ্রাম নগরীতে শিশু ধর্ষণের অভিযোগে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল সকালে আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার আগে উপস্থিত ছিলেন না।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি সকালে হাজিরা দিয়েছিল বলে জানতে পেরেছি। তবে দুপুরে রায় ঘোষণার সময় তিনি ছিলেন না। তাই পলাতক হিসেবেই তার রায় ঘোষণা করা হয়েছে।
১৯৯৯ সালে নগরীর তৎকালীন পাঁচলাইশ থানার বায়েজিদ এলাকায় প্রতিবেশী আট বছর বয়সী এক মেয়ে শিশুকে চকলেট দেয়ার কথা বলে তুলে নিয়ে ধর্ষণ করে গোলাম রসুল। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।
