আদালতে আলামত উপস্থাপিত না হওয়ায় আবারো পেছালো ডেসটিনির মামলার অভিযোগ গঠনের আদেশ। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এ নিয়ে ১২তম বারের মতো মামলাটির অভিযোগ গঠনের তারিখ পেছানো হলো। আগামী ১২ জুন অভিযোগ গঠনের নতুন তারিখ রেখেছে আদালত।
বুধবার দুদকের অন্যতম আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম জানান, মামলার আলামত আদালতে দাখিলের নির্দেশে তদন্ত কর্মকর্তা কয়েকটি আলমত জমা দিলেও সব কাগজ আদালতে জমা দিতে পারেননি বলে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে দেওয়া হয়েছে।
গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়েরকৃত পৃথক দুই মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ৫১ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়ার জন্য আগামী ১২ জুন ফের দিন নির্ধারণ করে আদালত।
এদিন এ মামলায় জামিনে থাকা আসামি ডেসটিনির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ আদালতে হাজির ছিলেন।
কারাগারে থাকা ডেসটিনির এমডি রফিকুল আমিন ও ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক দিদারুল আলম, শফিউল ইসলামকেও আদালতে হাজির করা হয়।
এ মামলায় পলাতক আছেন- ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, মিসেস জেসমিন আক্তার (মিলন) ও মো. শফিকুল হক।
