প্রবাসের কেন্দ্রগুলোতে এসএসসি পাশের হার কমেছে

আপডেট : ১১ মে ২০১৬, ২১:০১
এসএসসি পরীক্ষায় প্রবাসের কেন্দ্রগুলোতে পাসের হার গত বছরের চেয়ে ৮ দশমিক ২৯ শতাংশ কমে গেছে। এবার এরকম আটটি কেন্দ্রে পাসের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৭ দশমিক ৬৬ শতাংশ।
 
বিদেশের কেন্দ্রগুলো থেকে মোট ৩৯৫ জন পরীক্ষা দিয়ে ৩৫৩ জন পাস করেছে। এসব কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।
 
বিদেশের আটটি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশ স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাহরাইনের  মানামায় বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।
 
প্রকাশিত ফলাফলে দেখা য়ায়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দায় ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন শিক্ষার্থী। রিয়াদে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বেসি স্কুলের ১০১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩২ জন জিপিএ-৫ সহ ৯৪ জন উত্তীর্ণ হয়েছে। ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি স্কুলের ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন পাসসহ জিপিএ-৫ পেয়েছে ১ জন।
 
কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জিপিএ-৫ সহ উত্তীর্ণ হয়েছে ৪৬ জন। আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যাইদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের ৩১ শিক্ষার্থীর মধ্যে ২৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
 
বাংলাদেশ স্কুল বাহরাইনের ৩৬ পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২০ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। ওমানে অবস্থিত বাংলাদেশ স্কুল সাহাম’র ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তিনজন জিপিএ-৫ সহ সবাই পাস করেছে।