চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১ লাখ ২ হাজার ২৬১জন শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার পাশের হার এবং জিপিএ-৫ উভয়ের সংখ্যাই বেড়েছে।
বুধবার প্রকাশিত ফলাফল অনুসারে, এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ, যা বিগত বছরের তুলনায় ৭ দশমিক ৬৭ শতাংশ বেশি। গত বছর পাশের হার ছিল ৮২ দশমিক ৭৭ শতাংশ।
অন্যদিকে, এবছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৭ হাজার ১১৬। এবছর ৩ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৩ হাজার ৭৩৪জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
এ বছর উত্তীর্ণ মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৭ হাজার ৪৩২ এবং ছাত্রীর সংখ্যা ৫৪ হাজার ৮২৮। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর ৯৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৬৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ২৪ হাজার ২৬৯ জন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৫৭ হাজার ৭৫৯জন এবং মানবিক শাখা থেকে ৩০ হাজার ৬৬১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর ভালো ফলাফল লাভকারী সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এর পরে ২য় ও ৩য় অবস্থানে রয়েছে যথাক্রমে সরকারি মুসলিম হাইস্কুল এবং ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়।
