মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ, গান পাউডার উদ্ধার

আপডেট : ১১ মে ২০১৬, ২১:২৭
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দরজার পার গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটছে।
 
মঙ্গলবার গভীর রাতে টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের দরজার পাড় গ্রামের মৃত জামালউদ্দিন সর্দারের ছেলে সৌদি প্রবাসী সিপন সর্দারের  ঘরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে টিন ও কাঠ দিয়ে তৈরি ঘরটির অর্ধেকাংশ উড়ে যায়। এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গান পাউডার, ককটেল তৈরির কাজে ব্যবহৃত জদ্দার কৌটা, ভাঙা ব্লেড, পাথর ও স্কচটেপ উদ্ধার করেছে। এ সময় বিস্ফোরণে আহতদের রক্তে ভিজা চাটাইও উদ্ধার করা হয়েছে।
 
টঙ্গীবাড়ি থানার এসআই এবিএম শাহ আলম বুধবার সন্ধ্যায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা তৈরির আলামত জব্দ করা হয়েছে।  কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘরের মেঝেতে রক্তের ছোপ পাওয়া গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সিপন ৮ বছর ধরে সৌদিতে থাকেন। তার ভাগ্নে রাকিব, পূর্ব মোল্লাকান্দির মিল্টন, মুসা ও রিমনসহ ৪-৫ জন বসবাস করতেন। রাত আনুমানিক দেড়টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায় সৌদি প্রবাসী সিপনের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে।