লৌহজংয়ে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ করা হচ্ছে

আপডেট : ১১ মে ২০১৬, ২২:৩৬
বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন ধারায় আরো একটি উন্নয়ন পদক্ষেপ সংযোজিত হচ্ছে। সরকার এবার আন্তর্জাতিক-মানের অলিম্পিক ভিলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ স্থাপনের জন্য প্রাথমিকভাবে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মার চর এলাকায় ১২শ' একর জমি আলাদা করে রাখা হয়েছে।
 
ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, অলিম্পিক ভিলেজের জন্য ২০১৪ সালের ২৭ অক্টোবর ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এবং ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল, বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক সেনা-প্রধান ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং পুলিশের সাবেক আইজি ও তৎকালীন ক্রীড়া সচিব নুর মোহাম্মদ এলাকা পরিদর্শন করেন।
 
অলিম্পিক ভিলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য বুধবার যৌথভাবে লৌহজংয়ের পদ্মার চর এলাকাস্থ প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের জায়গা পরিদর্শন করেন।
 
স্থানীয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায় প্রস্তাবিত অলিম্পিক ভিলেজে ক্রিকেট, ফুটবল ও এথলেটিক স্টেডিয়াম নির্মাণ করাসহ ক্রীড়া সংশ্লিষ্ট নানা রকম সুযোগ সুবিধা থাকবে। এ এলাকাকে হংকং ও সিঙ্গাপুরের আদলে একটি ক্রীড়া পল্লী হিসেবে গড়ে তোলা হবে ।