যশোরের বেনাপোলে সোনার বাংলা আবাসিক হোটেলের মফিজুর রহমান মুন্না (১৪) নামের এক কর্মচারীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হোটেলের মালিক আবু তালেব ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে সোনার বাংলা আবাসিক হোটেলে মফিজুর রহমান মুন্নাকে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। পুলিশ হোটেলটি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান জানিয়েছেন, মুন্নার মাথায় আঘাতের কারণে মাথায় রক্তক্ষরণ হয়েছে। যে কারণে তার মৃত্যু হয়। তবে কী ধরনের আঘাত, তা ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয়।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, হোটেল কর্মচারী হত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
