মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

আপডেট : ১২ মে ২০১৬, ১৪:২৯
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিনকে গুলি ও ককটেল ছুড়ে  হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
 
বুধবার রাতে মঠবাড়িয়া পৌরশহরের কুয়েত প্রবাসী হাসপালের সামনে এ ঘটনা ঘটে।
 
চেয়ারম্যান নাসির উদ্দিনের দাবি, সম্প্রতি ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১১ টার দিকে যুবলীগ নেতা মো. নাসির উদ্দিন ওই হাসপাতাল সংলগ্ন  ইসরাত মেডিকেল হল নামে একটি ফার্মেসীতে বসা ছিলেন। এ সময় দুইটি  মোটরসাইকেলে করে আসা ৪/৫ জনের একদল দুর্বৃত্ত সড়ক থেকে চেয়ারম্যানকে লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। বোমা দুটি লক্ষভ্রষ্ট হয়। এ সময় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে দুর্বৃত্তরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে মঠবাড়িয়া পৌর শহরের দিকে চলে যায়।
 
ঘটনার পরপরই পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।