কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত অপর এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আক্কাস আলী (৩৫) দৌলতখালী গ্রামের রহমত আলীর ছেলে।
বুধবার রাতে উপজেলাধীন দৌলতপুর-কুষ্টিয়া সড়কের প্রাগপুর কলেজ সংলগ্ন কার্লভাটের কাছে এ হতাহতের ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিন (৪০) উপজেলার দৌলতপুর থানা বাজারের সেকেন্দার আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে দুইজনই মোটরসাইকেলে করে প্রাগপুরের রিপন সরকারের বাড়ি থেকে ফিরছিলেন। ওই কার্লভাটের কাছে পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করার জন্য দুর্বৃত্তরা মোটরসাইকেল চালক আক্কাস আলীকে ইশারা দেয়। তিনি তা উপেক্ষা করে মোটরসাইকেল চালাতে থাকলে দুর্বৃত্তরা তার বুকে ধারালো হাসুয়া দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। অল্প কিছুদূর গিয়ে আক্কাস আলীসহ তার পিছনে থাকা আরোহী নাসির উদ্দিন মোটরসাইকেল থেকে পড়ে যায়। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আক্কাস আলী মারা যান। আহত নাসির উদ্দিনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, ঘটনার তদন্ত চলছে। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।
