বিগত কয়েক বছর ধরে ঝিনাইদহে রেলপথ স্থাপন বা পুনর্স্থাপনের দাবি তীব্রতর হচ্ছে। পুনর্স্থাপন বললাম এই জন্যে যে ব্রিটিশ আমলে ঝিনাইদহে রেলপথ ছিল। সে সময় নিয়মিত ট্রেন চলাচল করত। তখন ঝিনাইদহ একটি ক্ষুদ্র মহকুমা শহর, অল্প সংখ্যক মানুষের বাস ছিল। আজ যেমন এই শহরের ব্যাপ্তি বেড়েছে তেমনি বেড়েছে জনসংখ্যাও। যশোর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-মাগুরা জেলার মধ্যবর্তী স্থানে ঝিনাইদহের অবস্থান হওয়ায় জাতীয় ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। ঝিনাইদহ শহর ও এর আশপাশ দিয়ে তাই গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও সীমান্ত সংলগ্ন ইসলামী বিশ্ববিদ্যালয়। এছাড়া ঝিনাইদহ পান, কলা ও সবজি উত্পাদনের অন্যতম প্রধান কেন্দ্রও বটে। এসব পণ্য পরিবহনে শুধু সড়ক যোগাযোগের ওপরই নির্ভর করতে হয়, যাতে প্রায়শই বিঘ্ন ঘটে। সেজন্য এখানে রেলপথ স্থাপনের দাবি ওঠা স্বাভাবিক। সরকার দেশের যোগাযোগব্যবস্থা উন্নয়নে নানামুখি পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পরিত্যাক্ত রেলপথ সংস্কার ও নতুন নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই ঝিনাইদহের মানুষ রেলযোগাযোগের বাইরে থাকতে চায় না। এ ব্যাপারে আশু উদ্যোগ নিতে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
আবু বকর সিদ্দিক
থানাপাড়া, ঝিনাইদহ
