শেয়ারবাজার

বড় পতনে সপ্তাহ শুরু কমেছে লেনদেনও

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থা দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ ছিল।

গতকাল সোমবার লেনদেনের শুরু থেকেই নিম্নমুখী হয় পড়ে শেয়ারবাজারের সবকটি মূল্যসূচক। দু’একটি বহুজাতিক কোম্পানি ছাড়া ব্যাংক, বীমা, আর্থিক খাতসহ সবকটি খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার কারণে এ নিম্নমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের সময় শেষ হওয়া পর্যন্ত বাজারের নেতিবাচক ধারাও বাড়তে থাকে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে মাত্র ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। বিপরীতে দাম কমেছে ২৭৯টির। আর ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের এমন দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৪ পয়েন্টে নেমে এসেছে।

প্রধান মূল্যসূচকের বড় পতন হলেও ডিএসইর বাছাই করা সূচক ডিএসই-৩০ তুলনামূলক কমেছে। অথচ এ খাতের ৩০টি কোম্পানির মধ্যে মাত্র ৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩টির। তবে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংকের মতো বড় বাজার মূলধনের প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। এতে সূচকটি আগের কার্যদিবসের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে শত কোটি টাকার ওপরে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৮৫ কোটি টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১০৮ কোটি ৩৩ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

গতকাল টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরেই রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ১৩ লাখ টাকার। ২১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনে এর পরেই রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। লেনদেনে এরপর রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ডাচ-বাংলা ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ, মুন্নু সিরামিক, মেরিকো বাংলাদেশ, বাটা সু এবং লিগাসি ফুটওয়ার।

দর বাড়ার শীর্ষে ম্যারিকো বাংলাদেশ

গতকাল সোমবার ডিএসইতে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ম্যারিকো বাংলাদেশ। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৯৫ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ এক হাজার ৬২১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ১৮১ বারে ৭৪ হাজার ৯১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা। রেকিট বেনকিজার গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে। ইস্টার্ন লুব্রিক্যান্টস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল হেভি কেমিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশর, ব্যাংক এশিয়া ও রুপালী লাইফ ইন্স্যুরেন্স।

দর পতনের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

গতকাল সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স।  কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৮ শতাংশ বা ৯ টাকা ৮০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৬০ বারে ১ লাখ ১১ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার। অগ্রণী ইন্স্যুরেন্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এ ছাড়া, এই তালিকায় রয়েছে, তাকাফুল ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, মুন্নু সিরামিকস, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসএস স্টিল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ও নর্দার্ন ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

এ দিকে ডিএসইতে সোমবার ব্লক মার্কেটে ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৯৬ লাখ ৫ হাজার টাকা। তথ্য মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। কোম্পানিটির মোট ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং। কোম্পানির ৭৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ফরচুন সু’জ ৭ লাখ ৭৭ হাজার, গ্রামীণফোন ৬ লাখ ২১ হাজার এবং ইউনিয়ন ক্যাপিটাল ৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১২২ পয়েন্ট কমে ১০ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯১টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ১৪টির।