এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিনহাজুল ইসলাম অনিক এবং শাহরিয়ার হৃদয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
শুভেচ্ছা বার্তা পেয়ে আবেগাপ্লুত অনিক, হৃদয় এবং তাদের পরিবার প্রধানমন্ত্রীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
আজ বৃহস্পতিবার সকালে হৃদয়, অনিক এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন । তিনি প্রধানমন্ত্রীর খুশি হওয়ার সংবাদ ও শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলাম খোকন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
অনিক ও হৃদয় ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে পেট্রোল বোমা সন্ত্রাসের শিকার হন। সে সময় তারা ছিলেন এসএসসি পরীক্ষার্থী। কোচিং থেকে বাসায় ফেরার পথে পেট্রোল বোমার আঘাতে চোখে ও মাথায় মারাত্মক আঘাত পান এ দুই শিক্ষার্থী।
এ অবস্থায় তাদের পরীক্ষা ও চিকিৎসার ব্যয়ভার নিয়ে পুরো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এগিয়ে আসেন খোদ প্রধানমন্ত্রী। চিকিৎসার ব্যয়ভার নেন তাদের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে দেশ-বিদেশে চিকিৎসা হয় দুই শিক্ষার্থীর। একসময় সেরে ওঠেন তারা। তবে চিকিৎসাধীন থাকার কারণে সে বছর পরীক্ষা দেয়া হয়নি অনিক-হৃদয়ের। এবার দু’জনই পরীক্ষায় অংশ নেন এবং জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
বুধবার ফল প্রকাশের পরদিন বৃহস্পতিবার সকালে অনিক-হৃদয় এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন। তিনি এ ফলপ্রাপ্তিতে প্রধানমন্ত্রীর খুশি হওয়ার সংবাদ ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তাদের কাছে।
