‘পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করেছে নিজামীর ফাঁসি যৌক্তিক ছিল’

আপডেট : ১২ মে ২০১৬, ১৭:১৯
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘নিজামীর দণ্ড কার্যকরের পর পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করেছে তাঁর ফাঁসি যৌক্তিক ছিল। কারণ পাকিস্তানই বলেছে, ১৯৭১ সালে মতিউর রহমান নিজামী পাকিস্তানের পক্ষ অবলম্বন করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন।’
 
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের হরতালবিরোধী প্রতিবাদী অবস্থানে তিনি এসব কথা বলেন।
 

নিজামীর রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাই আমরা আশা করি পাকিস্তান ভবিষ্যতে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবে না।’