রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে কিছুই জানায়নি তুরস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১২ মে ২০১৬, ১৯:০৫
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের কোনো খবর তুরস্ক সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি।’
 
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সে খবর প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি কোনো তথ্য নেই।’
 
প্রতিমন্ত্রী বলেন, ‘ওই রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, তিনি দেশের বাইরে যাচ্ছেন। তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন সে কথাও আমাদের জানিয়েছেন।’
 
রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছেন। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান নিজেই তাকে ডেকে পাঠানোর কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার দুপুরে খবর দেয় রয়টার্স। আঙ্কারার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাডলুর খবরেও বলা হয়, নিজামীর ফাঁসি পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য ঢাকা থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কোনো দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় এ সম্পর্কে বত্যয় ঘটাতে পারবে না।’