যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আগামী জুন মাস থেকে শুরু করা হবে জেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ। এতে ব্যয় হবে ৩০ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা।
এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায়, ৩০ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা ব্যয়ের মধ্যে শার্শায় ৬ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণ করা হবে নতুন ভবন। সদর উপজেলায় ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ৪ মাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণ করা হবে নতুন ভবন। এর মধ্যে ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ করা হবে।
এছাড়া, মনিরামপুরে ৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৪টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে। চৌগাছায় ৩ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। ঝিকরগাছায় ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২টি ভবন নির্মাণ করা হবে। কেশবপুরে ১টি ভবন নির্মাণ করা হবে ১ কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে। অভয়নগরে ৩ কোটি ৬৫ লাখ ৫৮ টাকা ব্যয়ে তিনটি ভবন নির্মাণ করা হবে বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায়।
অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে একতলা ভবনের উপর চারতলা থেকে ৫ তলা পর্যন্ত নির্মাণ করা হবে। শুধু মাত্র সদরের ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজে ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চার তলা ভবন নির্মাণ করা হবে।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উচ্চমান সহকারী হাফিজুর রহমান জানান, এসব ভবন নির্মাণ কাজের জন্য ঠিকাদার নির্বাচনের কাজ শুরু করা হয়েছে। আগামী জুন মাসে কাজের প্রক্রিয়া শুরু করা হবে।
