ক্রিকেট খেলার সময় খুন

এখনো বিধানকে ধরতে পারেনি পুলিশ

আপডেট : ১৩ মে ২০১৬, ১০:০৪
নাড়ী ছেড়া বুকের ধনকে হারিয়ে পাগল প্রায় মা তাজেরা বেগম। যাকে দেখছেন তাকেই বলছেন, ‘দ্যাখছো আমার বাবা ক্যামন রেজাল্ট করছে। বাবাই রেজাল্ট দেখতে পাইল না। বাবার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার।’
 
ফরিদপুরের সদরপুর থানার দক্ষিণ আলমনগর এলাকায় বাবুল সিকদার হৃদয়ের দাদা বাড়িতে তাজেরা বেগম বার বার মুর্চ্ছা যাচ্ছেন। তাকে প্রতিবেশীরা সান্ত্বনা দিচ্ছেন।
 
বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে হৃদয়ের লাশ দাফনের পর বাবা মোস্তফা সিকদার ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকালে তিনি মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হৃদয়ের বন্ধু বিধানকে একমাত্র আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মিরপুর থানার এসআই শাজাহান আলী। 
 
তিনি বলেন, আসামি বিধানকে খোঁজা হচ্ছে। তবে এখনও তাকে আটক করা সম্ভব হয়নি।
 
স্থানীয় বাসিন্দারা জানান, বিধান ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন তিতুর ভাগ্নে। বিধানের আরেক মামা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন লিঠু। বিধানের পরিবার মিরপুর শাহআলীবাগ এলাকায় প্রভাবশালী। কেউ তাদের পরিবার সম্পর্কে মুখ খুলতে চায়না।
 
মিরপুরের বড়বাগের বসতি হাউজিংয়ের ৫ নম্বর রোডের ১০/সি নন্বর বাড়ির নিচতলায় ভাড়া থাকেন মোস্তফা সিকদারের পরিবার। কল্যাণপুরে রাব্বী অটোমোবাইলস নামে একটি মোটর ওয়ার্কশপের মালিক তিনি। 
 
মিরপুর থানার ওসি ভুইয়া মাহবুব হাসান বলেন, একমাত্র আসামি বিধানকে আটক করতে দু'টি টিম মাঠে কাজ করছে।