পিরোজপুর সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে মসজিদের ভিতরে চাচা ও ভাতিজাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন, ওই গ্রামের মো. বাচ্চু সিকদার (৫০) ও তার ভাতিজা নাজমুল হুদা মামুন সিকদার (২৮)।
বৃহস্পতিবার আটটার দিকে উপজেলার ভাইজোড়া গ্রামের সিকদার বাড়ির বায়তূন জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাচ্চু সিকদারের বড় ভাই আলমগীর সিকদার জানান, বৃহস্পতিবার সকালে একই এলাকার রাসেল নামে এক যুবককে জুয়া খেলতে নিষেধ করেন মামুন সিকদার। এ নিয়ে তাদের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাত আটটার দিকে রাসেল তার অনুগামী ১০/১২ জন লোকলস্কর নিয়ে মামুন সিকদারের উপর হামলা চালায়। এ সময় মামুন দৌঁড়ে গিয়ে মসজিদে আশ্রয় নিলে তারা সেখানে গিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। মামুনকে বাঁচাতে তার চাচা বাচ্চু সিকদার এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
মসজিদের ইমাম ক্বারী মোস্তাফিজুর বলেন, ‘রাতে এশার নামাজ শুরুর আগে ১০ থেকে ১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু ও তার ভাতিজা মামুনকে কুপিয়ে জখম করে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
