যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ

আপডেট : ১৩ মে ২০১৬, ১২:১৫
বাংলাদেশে ‘ধর্মীয় উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ’ দমনে কার্যকর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের কয়েকটি সংগঠন সরকারের প্রতি দাবি জানিয়েছে।
বুধবার ওয়াশিংটনের ডিউপন সার্কেলে ‘জাগরণ সমাবেশ’ থেকে এই দাবি জানানো হয়।
 
যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আন্দোলনের নেতা আহমার মুসতিখান বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্নমত ও ভিন্নপরিচয়ের মানুষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
 
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ধর্মীয় উগ্রপন্থিদের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরাও। এ ধরণের হত্যাযজ্ঞের বিরুদ্ধে গোটা মানবতাকে রুখে দাঁড়াতে হবে।
 
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার প্রতিনিধি তপন দত্ত সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের বাড়ি ও মন্দিরের নিরাপত্তায় জোর দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
 
তিনি বলেন, বাংলাদেশের বয়স যত বাড়ছে, ধর্মনিরপেক্ষতার নাম-নিশানা ততো বিলুপ্ত হচ্ছে; মুক্তিযুদ্ধের স্বপ্ন ততোই প্রশ্নবিদ্ধ হচ্ছে।
 
বক্তারা সংখ্যালঘুসহ ভিন্ন মত ও পরিচয়ের মানুষদের ওপর জামায়াত-শিবিরসহ জঙ্গিগোষ্ঠীর চোরাগোপ্তা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাহায্য প্রত্যাশা করেন।
 
বিডিনিউজ।