গাজীপুরের টঙ্গীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত নয়ন মিয়াকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার রাতেই পুলিশ নিহত ঝর্ণা আক্তারের (২৪) লাশ উদ্ধার করেছে। তিনি শেরপুর জেলা সদরের মোচারের চর এলাকার আইন উদ্দিনের মেয়ে। নয়ন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বাসিন্দা। তিনি টঙ্গীর সাতাইশ এলাকায় দর্জির কাজ করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় ‘ভাত রান্নায় দেরি’ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় নয়নের। এক পর্যায়ে নয়নের মারধরে ঝর্ণা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে টঙ্গী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই রুহুল আমিনের অভিযোগ, বিয়ের পর থেকেই নয়ন তার বোনকে যৌতুকের জন্য মারধর করত। যৌতুকের টাকার জন্য ঝর্ণাকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে। ভাত রান্না করতে দেরি হওয়াটা অজুহাত মাত্র।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
